ঈদের আনন্দ বিষাদে রূপ নিল আলফাডাঙ্গায়: মোটরসাইকেল দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীর মৃ-ত্যু
- আপডেট সময় : ১২:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৫২ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জিহাদ শেখ (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী।
শনিবার (২১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে স্থানীয় শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে ফুফাতো ভাই রনির মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয় জিহাদ। ঘোরার এক পর্যায়ে তারা আরাজী বানা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে। এতে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ইটভাটার ট্রলিতে করে মাটি পরিবহনের সময় সড়কে মাটি পড়ে থাকে। গত দুই দিনের বৃষ্টিতে সেই মাটি ভিজে সড়কটি পিচ্ছিল হয়ে যায়। ওই পিচ্ছিল সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোয় এই প্রাণহানির ঘটনা ঘটে।
ঈদের দিনে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।




















