আশুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় নারীর মৃত্যু, শিশু আহত
- আপডেট সময় : ১০:২১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২০৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রুপালী আক্তার (২৮)নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে৷ এ সময় মোটরসাইকেলের চালক ও তাদের সাথে থাকা তিন বছরের শিশু সন্তান আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
রবিবার (২৯ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুপালী আক্তার (২৮) নাটোর জেলার সিংগাইর থানার জয়নগর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, ভোরে ওই দম্পতি তাদের শিশু সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে বাইপাইল হতে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করে। পথে মধ্যে বাইপাইল থানা এলাকায় পৌছালে পিছন থেকে একটি অজ্ঞাত ট্রাক এসে তাদেরকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। এ সময় তাদের শিশু সন্তানটি গুরুতর আহত হয়। তবে মোটরসাইকেল চালক সাইফুল ইসলামের তেমন কিছু হয়নি। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শিশুটি সুস্থ আছে। থানায় মোটরসাইকেল চালক ও নিহতের পরিবারের লোকজন আছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, খুব ভোরে ঘটনা ঘটায় আহত মোটরসাইকেল চালক কিছু বলতে পারছে না। তাই কি পরিবহনে এ ঘটনা ঘটিয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।



















