আশুলিয়ায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা-আহত ৮
- আপডেট সময় : ০৩:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১১০ বার পঠিত

সাভারের আশুলিয়ার বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।এসময় শিক্ষার্থীরাও এগিয়ে গেলে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার খাগানে চানগাঁও এলাকার স্থানীয় সঙ্গে বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এই ঘটনা ঘটে।

জানা গেছে পূর্ব ঘটনার জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই হামলা করে স্থানীয়রা। হামলায় ক্যাম্পাসের এক নিরাপত্তাকর্মীসহ আহত হয় ৮ শিক্ষার্থী।
সোমবার (৬ নভেম্বর) সকালে এলাকায় থমথমে পরিস্থিতি দেখা গেছে।
শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে যেতে দেখা গেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিইসি বিভাগের শিক্ষার্থী তানভীন বলেন, রবিবার রাতে স্থানীয়রা আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমাদের আবাসিক হলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। যার কারণে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি চিন্তা করেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে। ৬ নভেম্বর থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা শিক্ষার্থীরা ভোর থেকেই বাড়িতে রওনা হয়েছে।

উক্ত বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন,৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যে সকল ছাত্র ছাত্রীর বাসা কাছাকাছি আছে তারা সবাই চলে যাচ্ছে আর যাদের বাসা দূরে আছে অবরোধে বাস বন্ধ থাকার কারণে তারা এই মুহূর্তে বাসায় যেতে পারচ্ছে না তাদের জন্য কলেজের মেস খোলা আছে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন,এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষ ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা দিয়েছে। বর্তমান নিরাপত্তা নিশ্চিতে আমরা এলাকায় অবস্থান করছি,এছাড়া শিক্ষার্থীরা সকাল থেকেই বাড়িতে যাচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।



















