আশুলিয়ায় আমের ক্যারেট থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ২
- আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৯৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে আমের ক্যারেট থেকে ২৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে সোমবার বিকেলে আশুলিয়ার ডিইপিজেড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কুষ্টিয়া জেলার বাসিন্দা মোঃ শাহাব উদ্দিন সরদার (৬৫) ও তপন সরদার (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, সোমবার বিকালে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইকের ভিতরে থাকা আমের ক্যারেট থেকে ২৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে এর সাথে জড়িত দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।




















