আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাজ মাস্টারের মৃ-ত্যু
- আপডেট সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ২২৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা মো. নাসিরউদ্দীন নাসির (৪৮), পেশায় একজন মেরিন মাস্টার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সোমবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে বড়গাঁ নতুন বাজারে নিজের দোকানে রিপেয়ারিংয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। বারাশিয়া নদী থেকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানির লাইন সংযোগ দেওয়ার সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নাসির মাস্টারের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















