আলফাডাঙ্গায় ফের রক্তপাত, চা দোকানিকে কুপিয়ে হত্যা’ আহত ৩
- আপডেট সময় : ০৯:০০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে রবিউল ইসলাম ওরফে পাইচো (৫৫) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে মোক্তার বিশ্বাস (৫৫) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন।
আহতরা হলেন একই গ্রামের মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে ওই তিনজনকে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন রবিউল। তাঁরা মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের ঘিরে ফেলে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলায় আহত হন আরও তিনজন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ জুন গ্রাম্য কোন্দলের জেরে সুমন শেখ নামে ডিগ্রি তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। নিহত রবিউল ইসলাম ছিলেন সুমনের আপন চাচা। হামলায় আহত তিনজনও একই পক্ষের বলে জানা গেছে। ফলে ওই হত্যাকাণ্ডের জের ধরে প্রতিশোধমূলক হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















