আলফাডাঙ্গায় প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৩:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো রবি মৌসুমে শীতকালীন ফসল ও সবজির উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের উৎপাদন খরচ কমানো।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২,৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে—
সরিষা: ১,৩৫০ জন,গম: ৪০০ জন,সূর্যমুখী: ২০ জন পেঁয়াজ: ১৫০ জন,মুগ: ৭০ জন,মুসুর: ৬০০ জন
চীনাবাদাম: ৫০ জন,খেসারি: ২০০ জন
কৃষি প্রণোদনার অংশ হিসেবে প্রত্যেক কৃষককে নির্ধারিত পরিমাণে উচ্চফলনশীল বীজ ও ইউরিয়া, টিএসপি ও এমওপি সার দেওয়া হয়।
প্রধান অতিথি ইউএনও রাসেল ইকবাল বলেন,
“কৃষি উৎপাদন টেকসই রাখতে সরকার নিয়মিতভাবে কৃষকদের প্রণোদনা দিচ্ছে। সময়মতো এই সহায়তা পেলে কৃষকেরা ফসল আবাদে আরও উৎসাহিত হবেন।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা বলেন,“রবি মৌসুমে উৎপাদন বাড়াতে এবং কৃষকদের খরচ কমাতে এই প্রণোদনা বড় ভূমিকা রাখবে। আমরা নিশ্চিত করছি যেন প্রকৃত কৃষকরাই এই সুবিধা পান।”
প্রণোদনা নিতে আসা কৃষকরা জানান, সময়মতো বীজ ও সার পেয়ে তারা খুবই আনন্দিত। এক কৃষক বলেন,“এবার সময়মতো বীজ পেয়েছি, তাই রোপণে দেরি হবে না। উৎপাদনও ভালো হবে বলে আশা করছি।”
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।




















