আলফাডাঙ্গায় পৌরসভার দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ছাত্র জনতার বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৯৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রকৌশলী জাকারিয়া আলম ও প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বুধবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি জুবায়ের হোসেন রবিন, রায়হান রনি ও এম এফ আরিফ।
বক্তারা অভিযোগ করেন, ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, মাস্টাররোল চার মাস পরে অফিসে বসে জাল স্বাক্ষর করে চাল বিতরণ দেখানো, নাগরিক সেবায় ভোগান্তি সৃষ্টি, টেন্ডার ও নোটিশ ছাড়া প্রকল্প বাস্তবায়নসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তা। ২০২৪-২৫ অর্থবছরের টিআর ও এডিপি প্রকল্পসমূহ কয়েকটি নামমাত্র প্রতিষ্ঠান দেখিয়ে কোটেশন ও পিআইসি পদ্ধতিতে নিজেরা কাজ ভাগ করে নিচ্ছেন। এমনকি অনেক প্রকল্পের কাজ শেষ না করেই সম্পূর্ণ টাকা উত্তোলন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।
অভিযুক্ত প্রকৌশলী জাকারিয়া আলম ও প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, “আমরা কোনো অনিয়ম বা দুর্নীতিতে জড়িত নই। সকল কাজ নিয়ম মেনেই করা হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “বিক্ষোভ শেষে ছাত্র প্রতিনিধিদের একটি দল লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















