সালথায় নারীকে কুপিয়ে জখম, আটক-১
- আপডেট সময় : ১১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৩৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় গভীর রাতে ঘরে ঢুকে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে মাসকাসক্ত যুবক নয়ন মাতুব্বর (২২)। মঙ্গলবার (২৪জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এঘটনা ঘটে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাশেদা বেগম ওই গ্রামের মৃত হান্নান মোল্যার স্ত্রী। এঘটনায় হামলাকারী যুবক নয়ন মাতুব্বরকে আটক করেছে পুলিশ। আটককৃত নয়ন একই গ্রামের আরফুজ মাতুব্বরের ছেলে।
রক্তাক্ত অবস্থায় রাশেদা বেগমের একটি বক্তব্য সোশাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি বলেন, নয়ন বাইরে থেকে বলে দাদী দরজা খোলেন পুলিশ এসেছে কথা বলবে আপনার সাথে। এটা বলার পর আমি ঘরের দরজা খুলে দেই। তখন নয়ন একা ঘরে মধ্যে ঢুকে আমাকে এলোপাতারী কুপিয়েছে। আসলে পুলিশ ছিলো না। পুলিশের নাম ব্যবহার করে আমাকে দিয়ে আমার ঘরের দরজা খোলায়ছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন,গভীর রাতে খোয়ার গ্রামের নয়ন মাতুব্বর নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় রাশেদা বেগমকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। রাশেদা বেগম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় হামলাকারী নয়ন মাতুব্বরকে আটক করা হয়েছে।




















