সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আপডেট সময় : ০৫:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৩৪২ বার পঠিত

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তা জানানো হয়, প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আব্দুল কুদ্দুস ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। সারা জীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন।
তিনি তার সংসদীয় আসন তথা গোটা নাটোর জেলার সাধারণ মানুষের মনে গভীর ভালোবাসার স্থান করে নিয়েছেন। এই বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো এবং প্রধানমন্ত্রী তার একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন।
এছাড়া সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এদিকে সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এছাড়া দলের সিনিয়র নেতাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস।




















