রাজবাড়ীতে মারধরের শিকার নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন ও নিরাপত্তার দাবি
- আপডেট সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১১৫ বার পঠিত

রাজবাড়ীতে মারধরের শিকার নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা তার বন্ধ থাকা ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা অভিযোগ করেন, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে তাকে প্রকাশ্যে রাস্তায় মারধর ও হেনস্তা করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে রয়েছেন। পাশাপাশি তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ করে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
জাকিয়া সুলতানা বলেন, তিনি ২০১২ সাল থেকে রাজবাড়ীর কাদেরিয়া সুপার মার্কেটের কাপড় বাজারে ব্যবসা করে আসছেন। তার সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টির সঙ্গে বিরোধের জেরে গত ২৩ আগস্ট রাতে কয়েকজন ব্যক্তি তার দোকানে এসে পেশিশক্তি প্রয়োগ করে বেতন আদায়ের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।
নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি দাবি করে জাকিয়া সুলতানা দ্রুত তার ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজবাড়ী কাপড় বাজারে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিয়ে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।


















