রাজবাড়ীতে পুলিশের পোশাক পড়ে চাঁদাবাজির সময় দুই ভুয়া পুলিশ আটক
- আপডেট সময় : ০৮:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৬৯ বার পঠিত

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজির সময় ২ জন ভূয়া পুলিশকে আটক করে আহলাদিপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।
আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী (৩১) ও মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সৌরব হোসেন (২০)।
শুক্রবার (১২ মে) দুপুরে রাজবাড়ী উপজেলার রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের বসন্তপুর ইউনিয়ন এলাকার নিহাজ জুট মিলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে চলাচলরত সাধারণ মানুষের গাড়ি আটকিয়ে গাড়ির কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করছিল ওই দুজন। তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে জনতা তাদের দুজনকে আটক করে। পরে আহলাদিপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন। ভুয়া এস আইয়ের নেম প্লেটে সিরাজুল ইসলাম নাম লেখা ছিল।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস আই ) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজিকালে দুজন ভূয়া পুলিশকে স্থানীয়রা আটক করে আমাদের নিকট সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



















