ভাঙ্গায় শ্বশুরবাড়িতে গোসল করতে গিয়ে প্রান গেল জামাইয়ের
- আপডেট সময় : ১২:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২০৪ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুর বাড়িতে এসে কুমার নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রান গেল জামাইয়ের। নিহত ব্যাক্তির নাম মনির হোসেন(৩০)। পিতার নাম সানোয়ার হোসেন ওরফে ছেনো। সে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের বাসিন্দা এবং ঘারুয়া গ্রামের শিপন মুন্সির মেয়ের জামাই।
এলাকাবাসী এবং পারিবারিক সূত্রে জানা গেছে, মনির হোসেন সকালে ঘারুয়া গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যায় । দুপুরে সে গোসল করতে কুমার নদে যায়। এক পর্যায়ে সাঁতার না জানায় ডুব দিলে অসতর্কতাবশতঃ গভীর পানিতে তলিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর এলাকার লোকজন গোসল করতে গেলে তাদের পায়ে বেঁধে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশ থানা নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




















