বোয়ালমারীতে সড়কে প্রাণ গেলো স্বামীর, স্ত্রী আহত
- আপডেট সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৩০০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার স্ত্রী।
নিহতের নাম আলমগীর সিকদার। সে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের আক্কাস সিকদারেরর ছেলে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী গ্রামের মোমিন মার্কেটের নিকট এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বেলজানি গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আলমগীর সিকদার তার স্ত্রীকে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন। এ সময় সোতাশী নামক স্থানে পৌঁছলে ফরিদপুর থেকে বোয়ালমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা তামিম এন্টারপ্রাইজ নামের দ্রুতগামী একটি বেপরোয়া বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে চালক আলমগীর ঘটনাস্থলেই মারা যান। এতে নিহত আলমগীরের স্ত্রী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করেছে।
এ ব্যপারে বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার সেন বলেন, লাশ ময়না তদন্ত ছাড়া থানা থেকে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়েছেন।



















