বোয়ালমারীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক
- আপডেট সময় : ১০:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২৩১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের চরবনমালীপুর গ্রামের লায়েক মোল্লার মেহগনি বাগান থেকে তাদের আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
আটককৃত ডাকাতরা হলো- গাইবান্ধা জেলার সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে
মোঃ জাকির হোসেন (৪৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে মোঃ পিকুল শেখ (৪৮), পশ্চিম গাড়াখোলা (ঋষিপাড়া) গ্রামের আশরাফুজ্জামান ইলিয়াস জোয়াদ্দারের ছেলে এরশাদুজ্জামান ইমন (৪১), একই গ্রামের মুক্তার শেখের ছেলে মোঃ সবুজ শেখ (৩৮) ও মধুখালি উপজেলার জাহাপুর ইউনিয়নের জাফরকান্দা (জাপড়া) গ্রামের হাসেন শেখের ছেলে মোঃ আনোয়ার শেখ (৫০)।
তাদের নিকট থেকে ছোট বড় ৩ টি রামদা, ১ টি চাইনিজ কুড়াল, মাথা বাকা লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে পেনাল কোড ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা হয়েছে। মামলা নং-১২।
আটককৃত ডাকাত দলের ৫ সদস্যকে ৩০ আগস্ট দুপুরে ফরিদপুর জেলা আদালতে প্রেরন করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ফরিদপুর, গাইবান্ধাসহ আশপাশের জেলাগুলোতে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



















