ফরিদপুরে সাজাপ্রাপ্ত সন্তানকে কোয়েদির পোশাকে দেখে পিতার মৃত্যু
- আপডেট সময় : ০২:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৭২ বার পঠিত
ফরিদপুরে সাজাপ্রাপ্ত সন্তানকে কোয়েদির পোশাকে দেখে এক পিতার মৃত্যু হয়েছে। পিতা হয়ে সন্তানের এমন দৃশ্য দেখার জন্য হয়তো কখনওই প্রস্তুত ছিলেন না। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে ফরিদপুর কেন্দ্রীয় জেল হাজতে। সাজাপ্রাপ্ত সন্তানকে দেখতে পরিবার নিয়ে ফরিদপুর জেল হাজতে আসেন রাশেদ মাতুব্বর। রাশেদ মাতুব্বর (৬৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ কাউলিবেড়া গ্রামের বাসিন্দা।
আদালতের রায়ে সাজা হওয়ায় ছেলে জেলখানায়। কিন্তু জেলখানায় ছেলেকে কয়েদির পোশাকে দেখার পরেই অসুস্থ হয়ে মারা যান তিনি। সোমবার (২২ মে) দুপুরে ফরিদপুর জেলার কেন্দ্রীয় জেলখানার বহির্বিভাগ দর্শনার্থী ঘরে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা।
মঙ্গলবার (২৩ মে) সকালে ফরিদপুর জেল সুপার মো. তায়েফ উদ্দিন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাশেদ মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বরের (২৭) নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সম্প্রতি আদালতের রায়ে ১৪ বছরের সাজা হয়। তিনি ফরিদপুরের জেলখানায় রয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে ছেলেকে দেখতে যান রাশেদ মাতুব্বর। সাক্ষাৎকালে ছেলেকে কয়েদির পোশাকে দেখে বেশ বিচলিত হয়ে পড়েন বাবা। কিছু সময়ের মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হয়। জেলখানার দর্শনার্থী কক্ষের সামনে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন তিনি। বিকেলে নিহতের মরদেহ তার নিজ গ্রাম কাউলিবেড়া আসার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ফরিদপুর জেল সুপার মো. তায়েফ উদ্দিন মিয়া বলেন, একজন বাবা তার ছেলেকে জেলগেটে দেখতে আসেন। পরে তাকে তার ছেলেকে দেখানোর ব্যবস্থা করা হয়। তবে শুনেছি তিনি হঠাৎ শ্বাসকষ্ট হয়ে মারা গেছেন। তিনি আরও বলেন, বাবার মৃত্যুর পরে লাশ দেখতে ও জানাজায় অংশগ্রহণ করতে ছেলে লিটন আমাদের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছেন। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।


















