নাগেশ্বরীতে রামখানা ও নুনখাওয়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত
- আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১০৫ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ১ নম্বর রামখানা ইউনিয়ন এবং ১১ নম্বর নুনখাওয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সরকারের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১৯ জুন (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এ দুই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক বিবৃতিতে তারা জানান, কেন্দ্রীয় ও কুড়িগ্রাম জেলা বিএনপির নির্দেশনার আলোকে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, “নিয়ম-নীতির আলোকে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাধ্যমে খুব শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে, যা দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।”
এ সিদ্ধান্তে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে নেতৃবৃন্দ আশা করছেন, সংগঠনের কার্যক্রমকে নতুন করে ঢেলে সাজাতে এ পদক্ষেপ ইতিবাচক ফল দেবে।



















