নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিপুল পরিমাণ ভিজিএফ এর চাল উদ্ধার
- আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৯৩ বার পঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর ১হাজার ১৬৯ কেজি চাল স্হানীয় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ। এর আগে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৫টি চাল দেয়ার সুবিধাভোগীর স্লিপও উদ্ধার করা হয়। প্রতিটি স্লিপের বিপরিতে বরাদ্দ রয়েছে ১০ কেজি চাল। পরে চাল ও স্লিপ জব্দ করে কচাকাটা থানা হেফাজতে দেয় দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা।
পুলিশ জানায়, কচাকাটা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কালে বিক্রির অভিযোগ উঠে। পরে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে। পরে ইউনিয়ন পরিষদের পাশে নায়কেরহাট বাজারের শহিদুল ইসলামের বাড়ি থেকে ২০ বস্তা ও মতিনের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব বস্তায় ১হাজার ১৬৯ কেজি চাল পাওয়া যায়। এ সময় সহিদুলের বাড়ি থেকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর মেম্বার সাইদুল ইসলাম স্বাক্ষরিত ৫০টি ও চেয়াম্যান স্বাক্ষরিত ১৫টি স্লিপ পাওয়া যায়। এসব স্লিপের বিপরীতে ৬৫০ কেজি চাল বরাদ্দ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ ভিজিএফ এর অধিকাংশ কার্ড ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেয় চেয়ারম্যান ও মেম্বারগন। বিতরনের দিন ব্যবসায়ীদের লোকজন চাল তুলে নিয়ে যায়। অথচ হতদরিদ্ররা ভিজিএফের চাল পায় না।
এ বিষয়ে কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শাহাদৎ হোসেন জানান, নিয়ম মোতাবেক চালের স্লিপ বিতরণ করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে চাল উদ্ধার করা হয়েছে। আর উদ্ধারকৃত স্লিপ ৫নং ওয়ার্ড মেম্বারের। এখানে আমার কোন দায় নেই।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, চাল উদ্ধারের পর উদ্ধারকৃত চাল ও স্লিপ থানা হেফাজতে রয়েছে। উপজেলা প্রশাসন মামলা করলে মামলা নেওয়া হবে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিজিএফ এর চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



















