নতুন করে নিত্য পণ্যের বাজার দাম বাড়াতে গরিবের মাথায় হাত
- আপডেট সময় : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৪৩ বার পঠিত

‘দেশ তো এহন বড়লোকের!সাধারণ জনগণ মধ্যবিত্ত ও দিনমজুরের কপালে সুখ-শান্তি উইট্টা গেছে। গায়ের গাম পায়ে ফেলে যে টাকা কামাই করে যেই টাকা কামাই করে সেই টাকা নিয়া বাজারে গিয়া জিনিসপাতির দাম হুনলে মাথা ঘুরে। বুক পেটে কান্না আসে । কইতেও পারি না, সইতেও পারি না।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার একটি বিল্ডিংয়ে কাজের ফাঁকে এভাবেই আক্ষেপের স্মরে কথাগুলো বলছিলেন রাজমিস্ত্রির সহকারী মো. মোজাম্মেল হক । তাঁর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ ইউনিয়নের সিমরাইল গ্রাম ।
মোজাম্মেলের সঙ্গে কথা হয় প্রতিদিনের খবরের এই প্রতিবেদকের। আলাপকালে মোজাম্মেল বলেন, ‘অভাবের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লাইগ্যাই তাকে । বাড়িত গেলে শুনি ঘরে তেল নাই, চাউল নাই, সাবান নাই, এইডা নাই, হেইডা নাই! খালি নাই আর নাই! এমুন অবস্থা যে ঘরের সুখ-শান্তি আর নাই।’
শুক্রবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়—চাল, ডাল, তেল, লবণ, শাক-সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুরই দাম স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের সাধ্যের বাইরে। অন্য দিকে অতিবৃষ্টির কারণে এই অঞ্চলের অধিকাংশ কৃষকের উৎপাদিত শাক-সবজি নষ্ট হয়ে গেছে। ফলে সপ্তাহখানেকের ব্যবধানে ১০ থেকে ৩৫ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে শাকসবজির দাম। ৫০ টাকা কেজির নিচে মিলছে না কোনো একটি সবজিও।
বাজারের একটি দোকান থেকে ১২ কেজি গ্যাস সিলিন্ডার (এলপিজি) কিনে বাসায় ফিরছিলেন সবুজ মিয়া নামে পৌর এলাকার এক যুবক। তার সঙ্গে কথা হলে তিনি জানান, এক মাস আগে ১ হাজার ২৫০ টাকা দিয়ে কিনেছিলেন। আজ দোকানে গিয়ে শোনেন ২০০ টাকা বেড়ে ১ হাজার ৪৫০ টাকা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার সাপ্তাহিক হাট।
ঘর্মাক্ত শরীরে কাঁধে গামছা ঝুলিয়ে পাশেই দাঁড়িয়ে ছিলেন অটোরিকশার চালক বিল্লাল হোসেন । হাতে বাজারের ব্যাগ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম শুনে হাঁসফাঁস করছিলেন তিনি। বলেন, ‘ভাই, সারা দিনে কামাই মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা। এর মধ্যে গাড়ির প্রতিদিন দেওয়া লাগে ৩০০, এরপরে আছে রুট খরচ, দুপুরের খাওন, এইডা-সেইডা! দিন শেষে ২৫০ থেকে ৩০০ টাকা বেশি করস হয়ে থাকে ।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বাজারে এই টাকা দিয়া কী করি ? চাউল, ডাইল, তেল কিনলে তরিতরকারি কিনতে পারি না, আবার তরিতরকারি কিনলে মসলাপাতির টাকা থাকেনা । তার ওপর পুলা-মাইয়্যার পড়ালেখার খরচ, অসুখ-বিসুখ তো লাইগ্যাই আছে।’
নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে ক্ষুব্ধ হোটেল কর্মচারী রাসেল মিয়া। তিনি বলেন, ‘পরিবার নিয়া কেমনে চলি বলতে অনেক কষ্ট হচ্ছে ? মাসে বেতন পাই সাড়ে ৮ হাজার টাকা। সাদা ভাত আর সবজি খাইলে খরচ যায় ১২ থেকে ১৪ হাজার। এমন কোনো জিনিস বাকি নাই, যার দাম দুইগুণ ও তিনগুণ বাড়ে নাই। দাম বাড়ে কিন্তু কমেও না! সংসার চালাইতে প্রতি মাসেই ধার দেনা করতে লাগে। এমনি চলতে থাকলে জালে আটকাইয়া গলায় দড়ি দেওয়া লাগবে।’
নাম প্রকাশ না করার শর্তে বাজার করতে আসা একজন বেসরকারি চাকরিজীবী বলেন, ‘আগে বেতন পেতাম ১৫ হাজার। এখনো তা ই পাই। কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েছে , তিনগুণ। আগের তুলনায় অর্ধেকও বাজার করি না। আগে সংসার চলার একটা ধারা ছিল। বর্তমানে সেই ধারার ব্যাপক ছন্দপতন ঘটেছে। ছেলে-মেয়েদের আবদার তো দূরের কথা, সংসার চালাতেই কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্ত্রী-ছেলে-মেয়েদের কাছে দিন দিনই নিজের মুখটা ছোট হয়ে আসছে।’
কথা হয় বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গেও। তারা জানালেন খুব বেশি লাভে তারাও ব্যবসা করছেন না। একেকটির পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যগুলো সম্পৃক্ত।
পৌর এলাকার ব্রয়লার মুরগির খুচরা বিক্রেতারা জানান, গবাদিপশুর খাদ্যের দাম বাড়ায় মাংসের দাম বেড়েছে। খাদ্যের দাম না কমলে মাংসের দাম কমার সুযোগ নেই।
পৌর বাজারের সবজি বিক্রেতা সুমন মিয়া, বাবুল মিয়া, ফারুক, আজিজুল হক, শাহজাহানসহ অনেকেই জানান, বর্তমানে যে শীতকালীন সবজিগুলো বাজারে উঠেছে, সেগুলো অন্যান্য এলাকা থেকে অনেক দাম দিয়ে আমদানি করা। যে কারণে কম টাকায় বিক্রি করতে পারার সুযোগও নেই।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, ‘আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এ উপজেলায় এখনো শীতকালীন সবজি আবাদ শুরু হয়নি। যেগুলো বাজারে উঠেছে, সেগুলো অন্যান্য অঞ্চলে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সারা বছরই ফলানো হয়। আর সেই জন্যই শাক-সবজির দাম একটু বেশিই থাকে’।
রবি মৌসুমের সবজি বাজারে উঠলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘মুদি দোকানে মূল্য তালিকা আছে কি না, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে কি না, এ বিষয়ে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। কোনো অবস্থাতেই ব্যবসায়ীরা বাজারদরের অধিক দামে পণ্য বিক্রির সুযোগ নেই। যদি কেউ এমনটি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


















