নগরকান্দায় যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৩৭ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূর্ব শত্রুর জের ধরে রুবেল শেখ (১৯) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার হিয়াবলদি এলাকার একটি কফি হাইজের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক একই উপজেলার পাঁচকাইচাইল এলাকার সালাম শেখ।
জানা যায়, মঙ্গলবার বিকালে নিহত রুবেল শেখ পার্শ্ববর্তী হিয়াবলদী গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে যায়। রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় এক ভ্যান চালক রক্তাক্ত রুবেলকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। সেখানে কর্তব্যরত আহত রুবেলকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ফরিদপুর রেফার্ড করার সময় তার মৃত্যু হয়।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ হাসপাতালে যান।
এলাকাবাসী ও পুলিশ জানান, পূর্ব শত্রুতার জের ধরে হিয়াবলদি গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক তাদের বন্ধুদের সাথে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ ওই হিয়াবলদি গ্রামের হায়াত শেখের পুত্র রনি শেখও (১৮) কোপ খেয়ে গুরুতর আহতবস্থায় একই সময়ে হাসপাতালে ভর্তি হয়।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ওই যুবককের পিঠে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এছাড়া তার মাথা ও কপালে লাঠি দিয়ে পেটানোর দাগ রয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জোর তৎপর রয়েছে পুলিশ।



















