দৌলতপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃ-ত্যু, জমি বিরোধ ও হুমকির অভিযোগ
- আপডেট সময় : ১২:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৬২ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাড়পাড়া গ্রামে সজিব (৩৫) নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি মৃত খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২-১৩ দিন আগে সজিবের সঙ্গে তার চাচাতো ভাই আশিবের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তীব্র মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় সজিবের একটি কানের অংশ ছিঁড়ে যায়। এ ঘটনার পর সজিব দৌলতপুর থানায় একটি অভিযোগও দায়ের করেন।
গ্রামবাসীর দাবি, আশিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং প্রশাসনের নজর এড়িয়ে কার্যক্রম চালিয়ে আসছে। সজিবও আগে তার কাছ থেকে মাদক কিনে সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বসবাসের কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
পরিবারের সদস্যরা জানান,ঘটনার কয়েকদিন আগে সজিব আশিবের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেন। একই সময়ে নিজের বাড়ির গেটের সামনে একটি বৈদ্যুতিক বাল্ব স্থাপন করেন, যা আশিবের অবৈধ কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল বলে অভিযোগ ওঠে।
সজিবের স্ত্রী ও স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যা হতে পারে। তারা ঘটনাটিকে রহস্যজনক বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, সজিবকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পেয়ে ভোর ৬টার দিকে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দৌলতপুর থানার পুলিশ সকাল আনুমানিক ৮টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত প্রকৃত রহস্য উদঘাটনের দাবি উঠেছে।




















