দেশ দেখার নেশায় তরুণেরা, সঙ্গী কুমিল্লার অনলাইন গ্রুপ
- আপডেট সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ২২৩ বার পঠিত

“বাংলাদেশের পথে পথে, নতুন গল্প নতুন বন্ধু”— এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ ‘Cumilla Travel Group – ভ্রমণ বাংলাদেশ’। ভ্রমণপিপাসু তরুণদের মধ্যে দেশে নতুন নতুন দর্শনীয় স্থান আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ গ্রুপ।
পাঁচ মাস আগে শুরু হওয়া এ অনলাইন গ্রুপটিতে এরই মধ্যে যুক্ত হয়েছেন প্রায় ৭ হাজার ৪০০ জন সদস্য। এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ১৯টিরও বেশি ভ্রমণ আয়োজন করেছে গ্রুপটি। উদ্যোক্তা ইরান আহমেদ বলেন, “আমরা একসময় বন্ধুদের সঙ্গে নিজেদের মতো করে ভ্রমণ করতাম। পরে মনে হলো, দেশের সৌন্দর্য উপভোগের অধিকার সবারই আছে। সেই ভাবনা থেকেই ভ্রমণ গ্রুপের জন্ম।”
সম্প্রতি ১৫ জনের একটি দল মিরসরাইয়ের রূপসী ঝর্ণা ভ্রমণ করে ফিরেছে গ্রুপটি। আবহাওয়া, ঋতু এবং নিরাপত্তা বিবেচনায় ভ্রমণ পরিকল্পনা করে থাকে তারা। বিশেষ করে পরিবেশ সচেতনতা বাড়াতে প্রতিটি সদস্যকে সচেতন করা হয় যেন কোথাও আবর্জনা না ফেলে।
কুমিল্লা চৌদ্দগ্রামের ‘Chauddagram On The Go’ নামে অনলাইনভিত্তিক একটি গ্রুপও সাড়া ফেলেছে। “খরচ হবে কম, ভ্রমণ হবে বেশি”—এমন প্রতিশ্রুতি নিয়ে তারা ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্যোক্তা আনিসুল হক বলেন, “আমাদের লক্ষ্য ভ্রমণকে সবার নাগালে আনা। যেন বাজেট কারও জন্য বাধা না হয়ে দাঁড়ায়।”
এ পর্যন্ত গ্রুপটি ১৩টির মতো ট্যুর আয়োজন করেছে এবং এর নতুন গ্রুপে সক্রিয় সদস্য সংখ্যা ৫০০ জনেরও বেশি। নিরাপত্তার স্বার্থে তারা স্থানীয় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে ভ্রমণ পরিকল্পনা করে।
পর্যটন বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপগুলো দেশে নতুন দর্শনীয় স্থান আবিষ্কারের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে অনেক মানুষ দেশের অজানা সৌন্দর্যের সঙ্গে পরিচিত হচ্ছে।”
পর্যটন লেখক শিরীন সুলতানা বলেন, “এ ধরনের গ্রুপগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এতে দেশীয় পর্যটন বিকশিত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভ্রমণকারীদের মধ্যে দায়িত্বশীলতা তৈরি হচ্ছে।”
‘Cumilla Travel Group – ভ্রমণ বাংলাদেশ’ এর উদ্যোক্তা সোহেল হোসেন বলেন, “আগে আমরা শুধু সুন্দরবন, কক্সবাজার, সিলেটের মতো জনপ্রিয় জায়গা চিনতাম। কিন্তু এখন আমাদের অনলাইন কমিউনিটি বাংলাদেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য জলপ্রপাত, পাহাড়, হাওর, চর, ইতিহাস-ঐতিহ্যসহ অনন্য দর্শনীয় স্থানগুলোকে আলোর সামনে নিয়ে আসছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই ভ্রমণ যেন শিক্ষণীয় এবং দায়িত্বশীল হয়। প্রকৃতিকে ভালোবেসে এর সৌন্দর্য সুরক্ষিত রেখে নতুন নতুন গল্প তৈরি হোক।”




















