দুর্নীতিবিরোধী বিতর্কে ক্ষুরধার যুক্তির ঝলক, চ্যাম্পিয়ন আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়
- আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৭৩ বার পঠিত

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল (পাইলট) সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুক্তি, তথ্য ও বিশ্লেষণভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল (পাইলট) সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতার প্রথম পর্বে ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ে বিতর্কে অংশ নেয় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় ও হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘দুর্নীতির মূল কারণ হলো আইনের শাসনের অভাব’ বিষয়ে বিতর্কে অংশ নেয় কামারগ্রাম কাঞ্চন একাডেমি ও জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়।
পরে দুই গ্রুপের বিজয়ী দলকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফাইনাল। ফাইনালের বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’। উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতায় বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল (পাইলট) সরকারি উচ্চ বিদ্যালয়।
বিজয়ী দলের সদস্যরা হলেন নবম শ্রেণির আদিবা আক্তার অর্পা, সুমাইয়া সামিন এবং অষ্টম শ্রেণির ফাহমিদা শাদ দিবা। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের যুক্তি ও উপস্থাপনায় প্রশংসা কুড়ান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ। বিশেষ অতিথি ছিলেন দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. তাজমিনউর রহমান (তুহিন)।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এখন থেকেই নৈতিকতা ও সততার চর্চা করতে হবে। যুক্তিনির্ভর চিন্তাশক্তি ও সচেতনতা তাদেরকে আগামী দিনের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক ডা. শায়লা সুলতানা, ভূগোল বিভাগের প্রভাষক ডা. উম্মে সালমা এবং দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ। সময় নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌর দাস গৌতম।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


















