দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৮২ বার পঠিত

দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা কমেছে। বর্তমানে ভারতের সাউথ প্রদেশের পেঁয়াজ ১০ টাকা কমে ৯৫ টাকায় এবং ইন্দোর প্রদেশের পেঁয়াজ ১২ টাকা কমে ৯৭ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত এবং পাইকার সংকটের কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) হিলি স্থলবন্দরের পাইকারী মোকাম ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, ভারত থেকে ৮০০ ডলারে এলসি করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আমদানি অব্যাহত থাকায় পেঁয়াজের চাহিদা অনেকটাই কমে গেছে। যার ফলে পাইকার তেমনটা আসছে না। ফলে দাম অনেকটাই কমে গেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরো অনেকটাই কমে যেতে পারে।
হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল বুধবার ভারতীয় ১৪ ট্রাকে ৩৮৪ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এসব পেঁয়াজের মধ্যে এখনো বন্দরে ৭ ট্রাক পেঁয়াজ লোড অবস্থায় আছে। পাইকার না থাকার কারণে সেই সব পেঁয়াজ বিক্রি হয়নি।



















