চৌদ্দগ্রামে ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৬:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৫৯ বার পঠিত

রবি ২০২৫-২৬ মৌসুমে সরিষা, গম, মসুর, সূর্যমুখী ও চিনাবাদামসহ বিভিন্ন রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ যোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক ভূঁইয়া, কালিকাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল হাসান ও কৃষক প্রতিনিধি জামাল আহমেদ মোল্লা।
মুন্সিহাট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ সোলাইমান মজুমদারসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
অনুষ্ঠানে মোট ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, এসব সহায়তার মাধ্যমে রবি ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করা হবে।




















