চলনা খানকাহ শরীফে আশুরার শোক মিছিল, কারবালার শহীদদের স্মরণে ধর্মপ্রাণদের ঢল
- আপডেট সময় : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১১৩ বার পঠিত

পবিত্র আশুরা উপলক্ষে ১০ মহররম ১৪৪৭ হিজরি, রবিবার (৬ জুলাই) পাবনার সুজানগর উপজেলার চলনা আঞ্জুমানে কাদেরিয়া খানকাহ শরীফে আয়োজিত হয় শোক মিছিল ও আলোচনা সভা। ঐতিহাসিক কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আয়োজিত এই ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন শতাধিক ধর্মপ্রাণ মুসলমান।
সকাল ৯টা ১১ মিনিটে খানকাহ শরীফ থেকে শোক মিছিল শুরু হয়ে সুজানগর বাজার প্রদক্ষিণ করে পুনরায় খানকাহ শরীফে ফিরে আসে। কালো পোশাকে, হাতে কালো পতাকা নিয়ে “হায় হুসাইন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শোক মিছিল। ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিছিলে অংশ নেন বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মানুষ।
পরে খানকাহ শরীফের কাদেরিয়া মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান বক্তা খতিব মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ক্বাদেরী কোরআন ও হাদিসের আলোকে আহলে বাইত, পাক পাঞ্জতন (আ.) এবং কারবালার ঘটনার তাৎপর্য ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “ইমাম হুসাইন (আ.) সত্য ও ন্যায়ের পথে থেকে জীবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ মানবতার চিরন্তন মশাল।”
আলোচনার পর অনুষ্ঠিত হয় মাতম, মিলাদ, ক্বিয়াম এবং আখেরি মোনাজাত। এতে রাসুল (সা.) ও তাঁর আহলে বাইতের প্রতি ভালোবাসা নিয়ে মৃত্যুর তৌফিক কামনা করা হয়।
বক্তারা বলেন, ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর সঙ্গে অসম যুদ্ধে শহীদ হন ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭২ জন সাথী। ইসলামকে সত্য ও ন্যায়ের পথে টিকিয়ে রাখতে তাঁদের আত্মত্যাগ আজও মুসলিম বিশ্বের জন্য চিরকালীন প্রেরণা।
প্রতি বছরের মতো এবারও আয়োজনটি তত্ত্বাবধান করেন আওলাদে রাসুল, সিলসিলা-এ-কাদেরিয়া রাজ্জাকীয়ার সাজ্জাদানাশীন হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল-ক্বাদেরী আল-হাসানী আল-হুসাইনী আল-বাগদাদী (মাঃজিঃআঃ)। ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে খানকাহ শরীফ প্রাঙ্গণ হয়ে ওঠে আধ্যাত্মিকতার এক মহাসমাবেশ।
শেষে বক্তারা ইমাম হুসাইন (আ.)-এর জীবনাদর্শ ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং ইসলামের মূল শিক্ষায় জীবন গড়ে তোলার আহ্বান জানান।



















