গোয়ালন্দ দুই তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৪৪১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করার পর সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ফরিদপুর জেলার শেখ ফয়সাল (২২), রাজবাড়ীর রাকিব মোল্লা (২১) ও সজিব মোল্লা (২৪)।
মামলা সূত্রে জানা যায়, ৮ আগস্ট বিকেলে দুই তরুণী বন্ধুর সঙ্গে গোয়ালন্দ গোধূলী পার্কে বেড়াতে গেলে আসামিরা তাদের কাছ থেকে দামী মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তরুণীদের উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার ধনিচা ক্ষেতের পাশে নির্জন স্থানে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
পরে অসুস্থ অবস্থায় তারা নিকটবর্তী একটি বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। লোকলজ্জার ভয়ে তিনদিন বিষয়টি গোপন রাখা হলেও অবশেষে শুক্রবার ভোরে থানায় মামলা দায়ের করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



















