গাবুরায় লিডার্সের উদ্যোগে কিশোরী মেয়েদের মাঝে ডিগনিটি কিট বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২১২ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কিশোরী মেয়েদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’। দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীদের মর্যাদাপূর্ণ, সুস্থ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়। এতে সহায়তা করে ‘মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’ ও সুইডেন দূতাবাস।
সোমবার (১৬ জুন) সকাল ১০টায় গাবুরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের (৭, ৮ ও ৯) সংরক্ষিত নারী সদস্য ফরিদা পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স-এর ‘ক্রিয়া প্রকল্প’ সমন্বয়কারী সুব্রত অধিকারী। মাসিক স্বাস্থ্যব্যবস্থাপনা ও সচেতনতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা, আকতার হোসেন এবং এক অভিভাবক প্রতিনিধি তানিয়া সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা পারভীন বলেন, “লিডার্স ও সহযোগী সংস্থাগুলোর এ কার্যক্রম কেবল সামগ্রী বিতরণ নয়, বরং নারী স্বাস্থ্য, নিরাপত্তা এবং আত্মসম্মানের প্রতি একটি সচেতন ও মানবিক প্রতিশ্রুতি। ডিগনিটি কিট নারীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে।”
ডিগনিটি কিটে স্যানিটারি প্যাড, সাবান, বালতি, অন্তর্বাসসহ মেয়েদের প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল।




















