কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নি-হ-ত, একজন আহত
- আপডেট সময় : ০৯:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৩ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। তারা দুজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত শিক্ষার্থী একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। আহত সাইফ আলীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।




















