কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় ওসমান হাদি
- আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৫২ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে বিকেল ৩টায় তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। দাফন উপলক্ষে পুরো এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও সোয়াটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। টিএসসি ও শাহবাগ মোড় থেকে সমাধিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়।
দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
জানাজাপূর্ব বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নের দায় এখন পুরো জাতির।”
এসময় তার বড় ভাই হত্যাকারীদের দ্রুত প্রকাশ্য বিচার দাবি করেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “ওসমান হাদি আজ স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছেন।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।




















