আশুলিয়ায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১০১ বার পঠিত
শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে ৯ পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংপুর এলাকায় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন।
শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসের বকেয়া বেতন ১০ মে পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধে ব্যর্থ হয়ে ১৫ মে বেতন পরিশোধের তারিখ নির্ধারন করে কতৃপক্ষ। এই সিদ্ধান্ত শ্রমিকরা বাধ্য হয়ে মেনে নেয়। পরবর্তীতে নির্ধারিত ১৫ মে আবারও বেতন পরিশোধে ব্যর্থ হয় কতৃপক্ষ। এসময় শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কতৃপক্ষ। তখন ২১ মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করা হয়। এদিনই বেতন পরিশোধ না করে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কতৃপক্ষ। ফলে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, প্রতিমাসে বেতন প্রদানের সময় টালবাহানা করে কতৃপক্ষ। আমরা সময়মত বাসা ভাড়া, দোকান বাকী পরিশোধ করতে পারি না। এছাড়া এই টাকায় আমাদের সংসার চলে, ছেলেমেয়েদের লেখাপড়া চলে। স্কুলের বেতন, টিউশন ফি সময়মতো দিতে পারি না। ছেলেমেয়েরাও অপমান বোধ করেন। এছাড়া গত মাসের বেতন আজ ২১ তারিখ হলেও এখন পর্যন্ত পরিশোধ করা হয় নি। আমরা মানবেতর জীবন যাপন করছি।।
ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার বেলাল হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ফোন কোন তথ্য দেওয়া যাবে না। আপনি কারখানায় এসে তথ্য নিয়ে যান।
আশুলিয়া শিল্প-পুলিশ-১ এর এক কর্মকর্তা বলেন, গত তিন দিন ধরে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল। তারা কার্ড পাঞ্চ করে চলে যেতো। শ্রমিকদের কথা হলো তারা বেতন পেলে কাজ করবে। আজ বেতন প্রদানের কথা ছিল কতৃপক্ষ গতকাল বুঝতে পেরেছে আজও বেতন প্রদান করকে পারবে না। তাই নির্বাচনের জন্য আজ কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা কারখানার সামনে একত্রিত হয়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিলে তারা বিভিন্ন গোলিতে অবস্থান নেয়। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। অবরোধের ৫ মিনিটের মধ্যে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



















