আশুলিয়ায় নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২১২ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।এসময় তাদের থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে রবিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফরোজা খাতুন ওরফে জলি (৩৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আফরোজা খাতুন ওরফে জলি (৩৪) নড়াইল জেলার কালিয়া থানার কলামনখালী পরুলিয়া এলাকার আকাশ সিকদার ওরফে আকাশ কসাইয়ের স্ত্রী। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাঠগড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক করে। পরে তার হেফাজত থেকে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে গত শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা মিয়া এবং ২ কেজি গাঁজা সহ শফিকুল ইসলাম ওরফে শফি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করে।


















