আলফাডাঙ্গায় ২২তম মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৫৮ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব শান্তি কামনায় আয়োজিত তিন দিনব্যাপী ২২তম মতুয়া মহাসম্মেলন-২০২৬ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।
উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”।
সম্মেলনের উদ্বোধন করেন মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, সভাপতি, শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি, শ্রীধাম ওড়াকান্দি। আশীর্বাদক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর, নির্বাহী সভাপতি, একই কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। পরে হরি লীলামৃত পাঠ, গীতা পাঠ, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে বিশ্ব শান্তি কামনায় শাড়ি র্যালি, মতুয়া দলের আগমন এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যায় মতুয়া দর্শনের ওপর আলোচনা সভা এবং রাতে লীলাভিনয় ‘মহামানব গণেশ পাগল’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, শনিবার সকালে লীলামৃত পাঠ, ধর্মীয় সংকীর্তন, ভোগ আরতি ও মীন মহোৎসবের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘটবে।
এদিকে, সম্মেলনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা মতুয়া সম্প্রদায়ের সকল নেতাকর্মী ও ভক্তদের দলে দলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।




















