আলফাডাঙ্গায় প্রবাসী পরিবারের ঈদ উপহার: তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ, মাদ্রাসা ও এতিমখানায় নগদ সহায়তা
- আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৫৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রায় তিন শত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী এক পরিবারের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় জাকাতের অর্থ হিসেবে নগদ সহায়তাও প্রদান করা হয়েছে।
জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আমেরিকা প্রবাসী সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোলায়মান আহমেদের পরিবারের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তাঁর পুত্র মারুফ আহমেদ ও পুত্রবধূ জিয়ান মারুফের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
এ ছাড়া উপজেলার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় নগদ সহায়তা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— আলফাডাঙ্গা সেকেন্দার আলী মাদ্রাসা ও এতিমখানা, মিঠাপুর গোরস্থান মাদ্রাসা ও এতিমখানা, বাঁকাইল মাদ্রাসা ও এতিমখানা, ইছাপাশা মাদ্রাসা ও এতিমখানা এবং জাটিগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা ও এতিমখানা।
সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ এ সহায়তার জন্য প্রবাসী সোলায়মান আহমেদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সোলায়মান আহমেদ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। ঈদুল ফিতরের দিন পর্যন্ত পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




















