আলফাডাঙ্গায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ১০:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৫৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৪,০০০ টাকা করে মোট ২,০০,০০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাসেল ইকবাল ক্ষতিগ্রস্তদের হাতে এই অনুদান তুলে দেন। এসময় তিনি টিটা, পানাইল ও ইকড়াইল এলাকার নদীভাঙনের শিকার অসহায় মানুষের দুর্দশা ঘুরে দেখেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আকস্মিক নদীভাঙনে ভিটেমাটি হারানো মানুষ এই আর্থিক সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, নদীভাঙনে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত তাদের কাছেও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।



















