দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১১ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগীর চর বাজারে দৌলতপুর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা রোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, আত্মহত্যা এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান, ওসি (তদন্ত)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ নির্মূল করতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শিশু-কিশোর ও যুবকদের মধ্যে খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।


















