দৌলতপুরে পদ্মা তীরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি
- আপডেট সময় : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯১ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে পদ্মা তীরবর্তী একটি নির্মাণাধীন ভবনের মেঝেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারোগার মোড় ও আবেদের ঘাটসহ পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ঘুরে বেড়াতেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “উদ্ধার হওয়া বৃদ্ধা নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।”
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।




















