ঈদের দিন মাকে কোদাল দিয়ে হত্যা,ছেলে পলাতক
- আপডেট সময় : ০৬:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ১৩৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঈদের দিন মাকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে বৃহস্পতিবার সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফুলজান বেগম (৬০) ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত ছেলে হোসেন শেখ (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে ফুলজান বেগম তার ছেলে হোসেন শেখের ঘরের সামনে ফুলগাছের চারা রোপণ করতে যান। এ সময় বিষয়টি নিয়ে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হোসেন শেখ ঘরে থাকা একটি কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই ফুলজান বেগম মারা যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঈদের দিনের মতো আনন্দঘন সময়ে এমন মর্মান্তিক ঘটনায় হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীরা জানান, মা-ছেলের মধ্যে মাঝে মধ্যেই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। তবে এমন ভয়াবহ পরিণতি হবে তা কেউ কল্পনাও করেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হোসেন শেখ পেশায় দিনমজুর। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাকী জীবনযাপন করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, ওই ঘটনার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতা থেকে এমন মর্মান্তিক ঘটনার জন্ম হয়েছে।



















