স্পেন প্রবাসীর ওপর বর্বর হামলা: হাতুড়ি-রডে পিটিয়ে জখম, অভিযুক্ত ১১
- আপডেট সময় : ০৮:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১২ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরলক্ষীপুর এলাকায় স্পেন প্রবাসী এক ব্যক্তিকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী মোছা. ফারহানা জান্নাত।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা সকলেই একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন মো. ইলিয়াস শেখ (৩৮), মো. ইকরাম শেখ (৩৬), শামচু শেখ (৭০), মো. আজাহার শেখ (৬৫), মো. মোতাহার শেখ (৬০), মো. ইমরান শেখ (২৪), মো. আরাফাত শেখ (২২), মো. মুন শেখ (২১), মো. আতিয়ার শেখ (৪৫), মো. জহির শেখ (৫৫) ও মো. মতিয়ার শেখ (৫০)।
বাদী ফারহানা জান্নাত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা ও অন্যান্য বিষয় নিয়ে তাদের সঙ্গে বিবাদীদের বিরোধ চলে আসছিল।
এরই জেরে গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্স সংলগ্ন আইডিয়াল স্কুলে সন্তানদের নিয়ে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার স্বামীর ওপর হামলা চালানো হয়।
তিনি জানান, তার স্বামী স্কুলের নিচতলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধান আসামি ইলিয়াস শেখ গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তার হাতে থাকা হাতুড়ি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার স্বামীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলাকারীরা হাতুড়ি, শাবল ও রেঞ্চ দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত করে। পরে অন্য আসামিরা যোগ দিয়ে তাদের কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে।
এ সময় হামলাকারীরা তার গলায় থাকা প্রায় ১.৫ ভরি স্বর্ণের চেইন, ২ ভরি স্বর্ণের বালা এবং তার স্বামীর ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহত প্রবাসীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনার পর উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, “দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


















