ভাঙ্গায় ইউএনও কার্যালয়সহ সরকারি ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৪:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১৮ বার পঠিত

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গায় ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধরা ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালিয়ে ইউএনও কার্যালয়, নির্বাচন অফিস, অডিটোরিয়াম ও ইউএনওর বাসভবনে ভাঙচুর চালায়। এসময় অফিস থেকে কম্পিউটার ও জরুরি কাগজপত্র লুট করে নেয় তারা। পরে সেখানে অগ্নিসংযোগ করে। এতে ৭-৮টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অক্ষত থাকলেও তার কর্মচারীরা জীবন বাঁচাতে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবরোধ চললেও বেলা বাড়ার সাথে সাথে হাজারো বিক্ষোভকারী ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীরা পরে ভাঙ্গা থানা ও হাইওয়ে থানায় প্রবেশ করে ৭-৮টি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় থানা ভবনেও ব্যাপক হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবন বাঁচাতে পাশ্ববর্তী ঈদগাহ জামে মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা তাদেরও অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলেও এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




















