আশুলিয়ায় ৭১টিভি’র সাংবাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা-গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৪২ বার পঠিত

আশুলিয়ায় তথ্য সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হোন বেসরকারি টেলিভিশন ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিক জাহিদুল ইসলাম অনিককে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় এবং পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নওগা জেলার বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকার মৃত ওয়াহেদের ছেলে মোঃ ইমন (৩২) ও তার ছোট ভাই জাহিদ হাসান (২৬)। বর্তমানে তারা আশুলিয়ার বাইপাইল নতুন পাড়া এলাকায় থাকতো বলে জানা যায়।
হামলার শিকার ৭১ টেলিভিশন আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক বলেন, গতকাল রাতে একটি অনুসন্ধান শেষ করে একটি চায়ের দোকানে যাচ্ছিলাম। সেখানে আগে থেকে দুজন মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। পরে সেখান থেকে বাসায় উদ্দেশ্যে রওনা হলে তারা মোটরসাইকেল নিয়ে আমার পিছু নেয়। আমি বাইপাইল বাসস্ট্যান্ড এসে পৌছলে তাদের আরও একটি প্রাইভেটকারে চার জনকে দেখা যায়। কোন কিছু বুঝে উঠার আগেই দেশী অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় ও প্রাইভেটকারে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়। সে সময় দুজনকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।
অনিক আরও বলেন, আমার অনুসন্ধান ছিলো ফার্মেসি নামের আড়ালে মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রি নিয়ে। হয়তো এই নিয়ে তারা আমাকে টার্গেট রেখেছিল। যেহেতু তারা ওষুধ কোম্পানীর সাথে জড়িত বলে পরে জানতে পেরেছি।
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর কয়েকটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



















