সংবাদ শিরোনাম ::
ফেনীতে মৌসুমি বৃষ্টিতে রেকর্ড পরিমাণ পানি, মুহুরী নদীর বাঁধ ভেঙে দোকান ধস
ফেনী প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৭১ বার পঠিত

ফেনীতে টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ও ভাঙনের। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ।
টানা দুই দিন ধরে চলা মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর একটি বাঁধ ভেঙে পড়ে কয়েকটি দোকান। এছাড়া নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড ও পেট্রোবাংলো এলাকাসহ বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টি বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে। তবে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।




















