সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় বিষধর সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
মনিরুজ্জামান মনির,ভাঙ্গা (ফরিদপুর):
- আপডেট সময় : ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২৩০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে বিষধর সাপের কামড়ে আরফান হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হাতেম মুন্সীর ছেলে।
জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাতে খাবার খেয়ে নিজের ঘরে মশারি টানিয়ে ঘুমিয়ে পড়ে আরফান। রাত আনুমানিক বারোটার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করে। পরিবারের সদস্যদের ডেকে তোলে সে। কিছুক্ষণ পর আরফানের শরীরে তীব্র ব্যথা ও জ্বালা-পোড়া শুরু হয়।
পরে রাত দুইটার দিকে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
আরফানের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজনসহ প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়ে।



















