রংয়ের কাজ করতে এসে প্রাণনাশের চেষ্টা
- আপডেট সময় : ১২:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৩৪ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় ছুরিকাঘাত করে খোদেজা আক্তার (৪৬) নামে এক মধ্যবয়সী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক রং মিস্ত্রির বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযুক্তকে আটক করে।
হামলাকারী মো.শাহীন (৪০) একই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রং মিস্ত্রি। তিনি মৃত ছুট্ট মিয়ার ছেলে। ভুক্তভোগী খোদেজা আক্তার ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লার স্ত্রী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন জানান,“ভোররাতে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। গলায় রক্তাক্ত জখম অবস্থায় খোদেজা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আহত নারী দুর্বল কণ্ঠে হামলাকারীর নাম ও পরিচয় জানাতে সক্ষম হন। অভিযুক্ত শাহীনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে,খোদেজা বেগমের ঘরের নতুন বিল্ডিংয়ে রংয়ের কাজ করছিলেন শাহীন। ঘটনার সময় ঘরে ওই নারী ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। খোদেজা বেগমের একমাত্র ছেলে সোহাগ বর্তমানে সৌদি আরব প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার স্বামীর বাড়িতে অবস্থান করছেন।
মঙ্গলবার ভোররাতে আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে হামলাটি ঘটে। ঘুমন্ত অবস্থায় ছুরি নিয়ে তার গলায় আঘাত করে হামলাকারী। নারীটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাহীন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন জানিয়েছে,এই হামলার পেছনে চুরি না অন্য কোনো উদ্দেশ্য ছিল তা জানতে তদন্ত চলছে। আটককৃত শাহীনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।




















