সংবাদ শিরোনাম ::
কয়রায় নৌবাহিনীর অভিযানে বিষ দিয়ে ধরা ১০০ কেজি চিংড়ি জব্দ,আটক ১
মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
- আপডেট সময় : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৪৮ বার পঠিত

সুন্দরবন উপকূলবর্তী খুলনার কয়রা উপজেলায় বিষ প্রয়োগ করে চিংড়ি ধরার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (২৭ জুন ২০২৫) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা লঞ্চঘাট এলাকায় একটি যৌথ অভিযান চালায় নৌবাহিনী ও কয়রা থানা পুলিশ।
অভিযানে সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে বিষ প্রয়োগ করে ধরা প্রায় ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ সময় মোঃ হাসান সানা নামের একজনকে আটক করা হলেও অপর তিন দুষ্কৃতিকারী পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত চিংড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর এই ধরনের নিয়মিত অভিযান এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও আশার সঞ্চার করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও পরিবেশবিধ্বংসী অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।




















