কুয়াকায় পর্যটকের আকর্ষণ ফিস ফ্রাই
- আপডেট সময় : ০২:১৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২১৫ বার পঠিত

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ঘুরতে আসলে দেখা যায় নান্দনিক প্রকৃতি ও উপভোগ করা যায় নানা ধরনের স্থানীয় খাবারের স্বাদ। যেসকল খাবারের স্বাদের জাদুতে বিমোহিত দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা। তবে সকল খাবারের মধ্যে পর্যটকদের সেরা পছন্দ কুয়াকাটার ফিস ফ্রাই।
সন্ধ্যা হলেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কুয়াকাটার ফিস ফ্রাই মার্কেটে। নানা ধরনের সুগন্ধি মশলা ব্যবহার করে ভাজা এসকল মাছের স্বাদ নিতে পর্যটকদের লাইন লেগে থাকে এখানে। পুরো সৈকত এলাকার বাতাসে বয়ে বেড়ায় ভাজা মাছের সুগন্ধ।
সৈকতের বালুকাময় তীর ঘেষা এ ফ্রাই মার্কেটে পাওয়া যায় স্থানীয় বঙ্গোপসাগর থেকে জেলেদের আহরণ করা নানা ধরনের মাছে। তবে ফ্রাইয়ের ক্ষেত্রে পর্যটকদের প্রিয় মাছের তালিকায় রয়েছে ডোনা মাছ, অক্টোপাস, কাকড়া, কোড়াল, লাইট্টা ইত্যাদি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট ছোট স্টলে সাগরের নানা প্রজাতির তাজা মাছের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। সেখান থেকে বিভিন্ন মূল্যে পছন্দ অনুযায়ী মাছ কিনতে ব্যস্ত ক্রেতারা। ক্রয়কৃত মাছ ফ্রাই করে দিচ্ছেন দোকানিরাই। প্রতিটি ছোট টং দোকানের পেছনেই রয়েছে রান্না ঘর, যেখানে এ মাছগুলো ফ্রাই করা হয়। টং দোকানগুলোর সামনেই সাজানো রয়েছে কাঠের বেঞ্চি ও টেবিল যেখানে বসে ফ্রাই খেতে খেতে আড্ডা দিচ্ছেন পর্যটকরা। কেউ কেউ রয়েছেন ভাঁজতে দেওয়া ফ্রাইয়ের অপেক্ষায়।
এদিকে একদল মনের সুখে সম্মিলিতভাবে ধরেছেন লোকগান। পানির বোতল, টেবিল, ও হাততালি দিয়ে বাজানো বাদ্যের তালে গান গেয়ে যেন সকল মানসিক অবসাদের অবসান ঘটাচ্ছেন তারা।
ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে স্বপরিবারে কুয়াকাটায় ঘুরতে আসা গৃহবধূ সারমিন জাহান বলেন, ” এর আগে কখনো ফিস ফ্রাই খাওয়া হয়নি, মাছ কিনতেছি। খাওয়ার আগে চারপাশের সুগন্ধেই মন ভরে যাচ্ছে। আশা করছি খুব মজাদার হবে।”
কথা হয় ঢাকা থেকে ঘুরতে আসা ব্যবসায়ী কামাল হোসেনের সাথে। তিনি বলেন, “কুয়াকাটা ঘুরতে এসে খুব ই ভালো লাগছে।
মুখরোচক ভাজাপোড়ার স্বাদ নিতে চলে আসলাম এ ফ্রাই মার্কেটে। কোড়াল মাছ ও লইট্টা ফ্রাই খাচ্ছি। দারুণ স্বাদ।”
সাথে এসেছেন কামাল হোসেনের ভাতিজা ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক জানান, ” এত মজাদার স্বাদ এর আগে কোথাও পাইনি, এখানকার ফ্রাইগুলো খুব ই মজাদার। সাগরের তাজা মাছ হওয়ায় বিষয়টি আরও ভালো লেগেছে, সব মিলিয়ে খুব সুন্দর অনুভূতি।”
এখানে নানা ধরনের মাছ ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, ফ্রাই খরচসহ সাইজ অনুযায়ী প্রতি পিস কাকড়া বিক্রি হচ্ছে ৫০,১০০ ও ২০০ টাকা মূল্যে। ডোনা ফিস ৫০০ টাকা, অক্টোপাস ৪০০, কৈ কোড়াল ও লইট্টা বিক্রি হয় নানা দামে।
কথা হয় ফ্রাই মার্কেটের দোকানি মুরাদ হোসেনের সাথে। তিনি বলেন,” কুয়াকাটায় প্রায় ২০-২৫ বছর যাবত চলছে এ ফ্রাই মার্কেটের বিকিকিনি।বছরের অন্যান্য সময়ে তেমন পর্যটক পাওয়া যায়না। তবে ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ বিভিন্ন উৎসবের সময়গুলোতে বিকিকিনি হয় ভরপুর। এছাড়াও শীতের পুরো সময় জুড়েই চলে জাঁকজমক ব্যবসা!”
পটুয়াখালী জেলায় অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা। যেখান থেকে অবলোকন করা যায় দৃষ্টিনন্দন সূর্যোদয় ও সূর্যাস্ত। এখানে আসলেই আপনার মন জুড়াবে বালুকাময় সৈকতে আছড়ে পড়া সমুদ্রের নীল জলরাশির বড় বড় ঢেউ, অতিথিপাখি ও লালকাকড়ার সমাহার, মন মাতাবে লোভনীয় স্বাদের নানা খাবার। আপনার জিভে জল এনে দিবে মুখরোচক ফিস ফ্রাই। তাই দৃষ্টিনন্দন প্রকৃতি ও বাহারী সব খাবারের স্বাদ উপভোগে আপনার অপেক্ষায় সাগরকন্যা কুয়াকাটা।



















