চারঘাটে মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগে ২৫ লাখ টাকার ক্ষতি
- আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১২২ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলার চামটা (উত্তরপাড়া) এলাকায় একটি বড় মাছচাষের পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় ব্যাপক মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মোঃ মুক্তা হোসেন (৩৬)। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২টার দিকে কোরবানির গরুর গোশত কাটার কাজে ব্যস্ত ছিলেন মুক্তা হোসেন। হঠাৎ করে তার পিতা তাকে ফোনে জানান যে, চামটা জাঙ্গাল বিলে অবস্থিত বড় পুকুরে মাছ অস্বাভাবিকভাবে লাফাচ্ছে এবং কিছু মাছ মৃত অবস্থায় পানিতে ভেসে উঠছে।
মুক্তা হোসেন স্থানীয় লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দেখেন পুকুরে প্রায় সব মাছ মরে গেছে। তিনি দাবি করেন,পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করা হয়েছে এবং এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুক্তা হোসেন বলেন,এটি একটি পরিকল্পিত ঘটনা। ১২ বিঘার পুকুরে আমি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলাম। বিষ প্রয়োগে সব মাছ মারা গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি এবং দোষীদের শাস্তি চাই।
ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিক্রিয়া শলুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ লাল সরকার লালন বলেন,আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। পুকুরে বিষ প্রয়োগে সব মাছ মারা গেছে। আমাদের ইউনিয়নে এর আগে এমন ঘটনা ঘটেনি।
বিএনপি নেতার পর্যবেক্ষণ শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন,গ্যাসের কারণে মাছ মারা গেলে তা সাধারণত গভীর রাতে বা সকালে ঘটে। কিন্তু এই ঘটনা ঘটেছে দিনে,এবং মাছের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বিষ প্রয়োগ করা হয়েছে। পুকুরে ডেনিটল ও পুরাডন ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর মুক্তা হোসেন চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















