সালথায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন
- আপডেট সময় : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ৭৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ এপ্রিল দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন হতে ৭৫জন পাটচাষী প্রশিক্ষণে অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ওবায়দুর রহমান (উপ-সচিব) পাট অধিদপ্তর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার,ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যাণ) কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম,ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমীন,ফরিদপুর বিজেআর আই (আঞ্চলিক) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওমর আলী প্রমুখ।
প্রশিক্ষণ প্রদান শেষে পাটচার্ষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।



















