কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৪০ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার্থী সৌরভ ও প্লাবন। তারা দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশিরপাতার বটতলা এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যায়। এসময় গুরুতর আহত অবস্থায় প্লাবন কে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)।নিহতরা দুজনই এবার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,‘মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



















