সাবেক এমপি নাজমীন সুলতানা আটক
- আপডেট সময় : ০৮:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১০১ বার পঠিত

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। তিনি কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। সংসদ সদস্য থাকাকালে তিনি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে এমপি থাকাকালে বিভিন্ন সরকারি বরাদ্দকৃত অর্থ অনিয়মের মাধ্যমে ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে পুলিশ এখনও নিশ্চিত করেনি যে, এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে কি না।
এ বিষয়ে ওসি হাবিবুল্লাহ জানান, ‘তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেফতার দেখানো হবে বলেও তিনি জানান।



















